নিজ নির্বাচনি এলাকা ফেনী-৩ (দাগনভূঞাঁ-সোনাগাজীতে) সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে হটলাইন চালু করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে লেখেন, ‘ফেণী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়ম মুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন।’
এ পোস্টে তিনি সবাইকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ও নির্ভয়ে তথ্য দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনাদের দেয়া তথ্য গোপন রাখা হবে।’
অভিযোগ জানাতে ০১৭৩০-০০৪৮৪৪ নম্বরে কল করার জন্য বলা হয়। এছাড়া অনলাইনে (www.aamintoo.com) ভিজিট করতে বলা হয়।
এদিকে, তার এ ঘোষণার কার্যকর বাস্তবায়ন হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মন্তব্য করছেন স্থানীয়রা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিজয়ী হয়ে সংসদ সদস্য হয়েছেন শিল্প উদ্যোক্তা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এমপি হওয়ার পরপরই তিনি মন্ত্রিসভায় স্থান পান। দীর্ঘদিন ধরে মন্ত্রীবিহীন থাকা ফেনী জেলা এবার তার মাধ্যমে মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পেল। সংশ্লিষ্ট মহলের ধারণা, তার এ দায়িত্ব জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতি সঞ্চার করবে।
















