রাজশাহীর সড়কে পরপর দুটি ট্রাক দুর্ঘটনা, এক হেলপার নিহত


editor প্রকাশের সময় : মে ২৬, ২০২৫, ২:৫১ PM /
রাজশাহীর সড়কে পরপর দুটি ট্রাক দুর্ঘটনা, এক হেলপার নিহত

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সড়কে পরপর দুটি ট্রাক দুর্ঘটনায় একজন হেলপার নিহত হয়েছেন। সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে নগরের কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কের খিরশন টিকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর পৌনে দুই ঘণ্টা আগে একই স্থানে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

নিহত হেলপারের নাম সুমন হোসেন (২৬)। ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

রাজশাহীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী জানান, প্রথমে একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে একটি পাথরবোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলে এর চালক গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এর পৌনে দুই ঘণ্টা পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটির পেছনে আরেকটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান পেছনের ট্রাকটির হেলপার সুমন হোসেন। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ওসি মাছুমা মুস্তারী আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Bangla Photocard Generatorv3.7