
আফছার, চট্টগ্রাম : চট্টগ্রামে পাহাড় কাটার বিষয়ে ‘টম অ্যান্ড জেরি’ খেলা আর চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি স্পষ্ট করে বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান রয়েছে, এবং এটি বন্ধে সবাইকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, পাহাড় কাটার মালিকদের তালিকা সংগ্রহ করা হয়েছে, এবং আইন প্রয়োগের মাধ্যমে এ ধরনের কার্যক্রম বন্ধ করা হবে।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আয়োজিত পলিথিনবিরোধী ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব সিদ্ধার্থ শংকর কুন্ডু একটি চিত্র প্রদর্শন করেন, যেখানে পলিথিনের ব্যবহার বন্ধ এবং প্লাস্টিক দূষণ প্রতিরোধের বিষয় তুলে ধরা হয়।
রিজওয়ানা হাসান বলেন, পলিথিনের বিরোধিতা নতুন নয়; ২০০২ সালে এটি নিষিদ্ধ করা হলেও, এখন পর্যন্ত এর ব্যবহার পুরোপুরি বন্ধ করা যায়নি। পলিথিনের ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পলিথিনের বিকল্প হিসেবে চটের ব্যাগ ব্যবহার করা যেতে পারে, যা পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব।
এছাড়া তিনি বলেন, প্লাস্টিক কারখানাগুলো বন্ধ হলে মালিকদেরই ক্ষতিপূরণ দিতে হবে, কারণ তারা শ্রমিকদের অনিরাপদ পরিবেশে কাজ করতে বাধ্য করছে। পাটের ব্যাগের দাম নিয়ে তিনি বলেন, পলিথিন নিষিদ্ধ হলে পাটের ব্যাগের চাহিদা বেড়ে যায়, যা বাজারে দামের উত্থান ঘটায়।
সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জলাবদ্ধতা এবং পলিথিন-প্লাস্টিক একে অপরের সাথে সম্পর্কিত। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সমাধান সম্ভব। তিনি বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে বলেন, প্লাস্টিকের বদলে চাল-মাছ বিতরণ করার উদ্যোগ প্রশংসনীয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, চসিক বর্জ্য ব্যবস্থাপনায় সাধ্যমতো চেষ্টা করছে এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বোতলজাত পানির ব্যবহার পুরোপুরি বন্ধ করা হয়েছে। চসিকের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সচেতন করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সর্বশেষে, রিজওয়ানা হাসান শব্দদূষণ রোধে শিগগিরই একটি ক্যাম্পেইন চালু করার ঘোষণা দেন এবং সবাইকে হর্ন বাজানো থেকে বিরত থাকার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :