
আফছার, চট্টগ্রাম : মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম রেলস্টেশনে সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র, বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন জনগণের উদ্দেশ্যে বলেন, তিনি নগর সেবক হিসেবে ৭০ লাখ মানুষের পাশে দাঁড়াতে চান। জনগণকে একটি উন্নত, স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন শহর উপহার দিতে সকলের সহায়তা কামনা করেন তিনি।
তিনি বলেন, “চট্টগ্রাম আমার একার শহর নয়, এ শহর ৭০ লাখ মানুষের। আসুন, সবাই মিলে একযোগে একটি সুন্দর শহর গড়ে তুলি। এ শহর হবে গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি। আমাকে একটু সময় দিন। ইনশাআল্লাহ, আমি অক্ষরে অক্ষরে সেটি পালন করবো। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আপনারা আমার হৃদয়ের গভীরে সবসময় আছেন।”
বিএনপি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা গত ১৮ বছর ঘরে থাকতে পারেননি, পরিবারের খোঁজ নেওয়ার কেউ ছিল না। অনেক কষ্টে, অর্ধাহারে-অনাহারে দিন কাটিয়েছেন। আমি সেই অসহায়ত্ব দেখেছি এবং তা ভোলার নয়। আপনারা আদর্শ থেকে বিচ্যুত হননি, এর জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।” এছাড়াও, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
চট্টগ্রাম রেলস্টেশনে সংবর্ধনা
মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় ঢাকা থেকে সোনার বাংলা ট্রেনে করে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছালে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল সহকারে তাকে স্বাগত জানান। তাদের হাতে ছিল ফুল ও মুখে ছিল বিজয়ের ধ্বনি। সংবর্ধনা শেষে মেয়র হজরত শাহ আমানত (র.) ও বদর আউলিয়া (র.) মাজার জিয়ারত, মতবিনিময়, সংবাদ সম্মেলন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন।
শপথগ্রহণ
রোববার (৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ ডা. শাহাদাত হোসেনকে মেয়রের শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ শেষে চসিক মেয়র বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান।
আপনার মতামত লিখুন :