তিন লিগের জন্য কোটি টাকার স্পন্সর পেল বিসিবি


editor প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৪, ৭:৫৯ PM /
তিন লিগের জন্য কোটি টাকার স্পন্সর পেল বিসিবি

অনলাইন ডেস্ক : মিরপুর স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা। আর এদিন নতুন স্পন্সরশীপ পেল বিসিবি। মেঘনা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে যাচ্ছে আসন্ন ঢাকা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ। এই তিন টুর্নামেন্টকে সামনে রেখে আজ মঙ্গলবার বিসিবির সঙ্গে এক বছরের চুক্তি করেছে মেঘনা ব্যাংক।

সংবাদ সম্মেলনে এদিন বিসিবি পরিচালক এবং মার্কেটিং বিভাগের নতুন প্রধান কর্তা ফাহিম সিনহা এ ঘোষণা দেন। এই তিন বিভাগের টুর্নামেন্টের জন্য বিসিবির সঙ্গে ১ কোটি টাকার চুক্তি করেছে ব্যাংকটি। মেঘনা ব্যাংকের হয়ে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কিমিও শাহাদত এবং মার্কেটিং বিভাগের প্রধান মোয়াজ্জিম হোসেন জুয়েল।

চলতি মাসের ২৫ অক্টোবর মাঠে গড়াবে ঢাকা তৃতীয় বিভাগের ক্রিকেট লিগ। টুর্নামেন্টের মোট ২০টি দল অংশগ্রহণ করবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রূপগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর ক্রিকেট একাডেমি এবং নারায়নগঞ্জ। মোট ১২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এরপর ২০ নভেম্বর থেকে মাঠে গড়াবে দ্বিতীয় বিভাগের লিগ, শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। এখানেও ২০ দল এবং ১২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই বিভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপির ৩-৪, রুপগঞ্জ এবং কেরানীগঞ্জের একটি মাঠে।

অন্যদিকে প্রথম বিভাগের টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী বছরের ১২ জানুয়ারি এবং শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। এখানেও ২০ দল এবং ১২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই বিভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপির ৩-৪, রুপগঞ্জ এবং কেরানীগঞ্জের একটি মাঠে।

Bangla Photocard Generatorv3.7